নতুন ঠিকানায় যোগ দিলেন রিয়ালের সাবেক ডিফেন্ডার

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে এতদিন ক্লাবহীন ছিলেন ডেভিড আলাবা। এবার নতুন ঠিকানা খুঁজে নিলেন অভিজ্ঞ ডিফেন্ডার। ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান ক্লাব উদিনেজে যোগ দিলেন অস্ট্রিয়ান ফুটবলার।
মৌসুমের বাকি অংশের জন্য ৩৪ বছর বয়সী আলাবাকে চুক্তিভুক্ত করার কথা বৃহস্পতিবার জানিয়েছে সেরি আর ক্লাবটি।
২০২১ সালে বায়ার্ন মিউনিখ থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল যোগ দেন আলাবা। প্রথম মৌসুমে দলের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম দুই মৌসুমে স্প্যানিশ ক্লাবটির প্রায় সবগুলো ম্যাচই খেলেন তিনি।
২০২৩ সালে বাঁধে বিপত্তি। এসিএল চোটে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফেরার পর একের পর এক চোটের ধাক্কা সামলাতে হয় এই সেন্টার-ব্যাককে।
গত মৌসুমের শেষে রেয়ালের সঙ্গে আলাবার পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। স্পেনের সফলতম ক্লাবটির হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতেন তিনি।
ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটে আলাবার বায়ার্ন মিউনিখে। জার্মান ক্লাবটির জার্সিতে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। ১০ বার পান বুন্ডেসলিগা জয়ের স্বাদ।
এবারের বিশ্বকাপে অস্ট্রিয়ার অধিনায়কত্বও করেন আলাবা। তার নেতৃত্বে বিশ্ব আসরে শেষ বত্রিশে খেলে অস্ট্রিয়া, যেখানে স্পেনের বিপক্ষে হেরে যায় তারা।
চলতি মৌসুমে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হেরেছে উদিনেজে। লিগে প্রথম পাঁচ ম্যাচে কোনো ক্লিন শিট রাখতে পারেনি দলটি, হজম করেছে ১১ গোল। রক্ষণ শক্তিশালী করতেই মূলত আলাবাকে দলে যোগ করেছে তারা।